প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নবম স্থানে উঠে এসেছে জাপানের রাজধানী টোকিওর নাম। এক বছর আগেও এ তালিকায় তৃতীয় স্থানে ছিল শহরটি। মূলত মার্কিন ডলারসহ প্রধান প্রধান মুদ্রার বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দরপতনের ফলে ব্যয়বহুল শহরের তালিকায় এ বছর পিছিয়ে পড়েছে টোকিও। সম্প্রতি কিয়োদো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পরামর্শক সংস্থা মার্সার’স কস্ট অব লিভিং সার্ভেতে প্রবাসীদের জন্য সব থেকে ব্যয়বহুল শহর হিসেবে শীর্ষস্থান অধিকার করেছে হংকং। এর আগে ২০২০ সাল পর্যন্ত টানা তিন বছর শীর্ষস্থানে ছিল শহরটির নাম। প্রকাশিত তালিকার ১০টি শহরের মধ্যে চারটি এশিয়া মহাদেশে অবস্থিত। অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে রয়েছে সিঙ্গাপুর, টোকিও ও বেইজিং।

গত সপ্তাহে ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর দাঁড়ায় ১৩৯, যা গত ২৪ বছরের সর্বনিম্ন। এদিকে ব্যাংক অব জাপানের এক সমীক্ষায় দেখা যায়, প্রায় ৯০ শতাংশ জাপানির মতে, গত বছর দ্রব্যমূল্য বেড়েছে দেশটিতে। ফলে ভোক্তাদের ওপরও চাপ তৈরি হয়েছে।