চলমান সংকট থেকে উত্তরণের জন্য সাম্প্রতিক মাসগুলোয় বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। চাহিদার চেয়ে বেশি গ্যাসের প্রবাহ তৈরি হয়েছে স্থানীয় বাজারে। ফলে জ্বালানিটির দাম কমে রেকর্ড সর্বনিম্নে নেমেছে। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের অব্যাহত সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তও দাম কমার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের হেনরি হাবে প্রতি এমএমবিটিইউ গ্যাসের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমে ২ ডলারে নেমেছে। ২০২২ সালের আগস্টের শেষ দিকে যা ৯ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি-জুন অর্থাৎ মহামারীর বছর বাদ দিলে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ইতিহাসের সর্বনিম্ন স্তর স্পর্শ করেছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে কয়েকদিনের মধ্যে আবারো ঠাণ্ডা আবহাওয়ার প্রকোপ বাড়তে পারে। ফলে গ্যাসের চাহিদা বাড়বে। অন্যদিকে শিগগিরই চালু হতে যাচ্ছে ফ্রিপোর্ট এলএনজির রফতানি। এর পরও চাপের মুখে গ্যাসের বাজার।

গত বছরের সেপ্টেম্বরের পর থেকেই যুক্তরাষ্ট্রের গ্যাসের বাজারে উদ্বৃত্ত দেখা দেয়। এতে গ্যাসের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে।