বিদায়ী বছরের ডিসেম্বরে ব্রিটেন থেকে আন্তর্জাতিক বাজারে গম রফতানিতে চাঙ্গা ভাব দেখা গেছে। এ সময় দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি আগের মাসের তুলনায় সাড়ে ২৪ হাজার টনের বেশি বেড়েছে। ব্রিটিশ রাজস্ব বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে ব্রিটিশ রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৯৬ হাজার ১১১ টন গম রফতানি করেছে, যা আগের মাসের তুলনায় ২৪ হাজার ৬৪৮ টন বেশি। নভেম্বরে দেশটি থেকে সব মিলিয়ে ৭১ হাজার ৪৬৩ টন গম রফতানি হয়েছিল।

গত ডিসেম্বরে ব্রিটেন থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় গম রফতানি আগের তুলনায় কমে ৩২ হাজার ৭৬৩ টনে নেমে এসেছে। অন্যদিকে ইইউর বাইরের দেশগুলোয় গত ডিসেম্বরে ৬১ হাজার ৩২৮ টন গম রফতানি করেছে ব্রিটেন।

তবে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি চাহিদা এ সময় ব্রিটেনের গম রফতানি খাতকে চাঙ্গা করে তুলেছে। এ সময় যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৫৩ হাজার টন গম রফতানি করেছে ব্রিটিশ রফতানিকারকরা।