প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এএইচএম ফারুক। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৩ (১) অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
গতকাল তাকে বরণ করে নেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সব বিভাগের কর্মকর্তারা। তারা প্রেসিডেন্সি নবাগত ট্রেজারারের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
শিক্ষাজীবনে অধ্যাপক এএইচএম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে ১৯৮২ সালে স্নাতক এবং ১৯৮৩ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি অষ্টম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং সর্বশেষ চৌমুহনী সরকারি এসএ কলেজ, নোয়াখালীতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।—বিজ্ঞপ্তি









