ভারতে চলতি অর্থবছর ৮৫-৯০ কোটি টন কয়লা উত্তোলনের প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী দেশটির সরকার বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লা উত্তোলন বাড়াতে খনিগুলোকে উৎসাহিত করছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। 

ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান কেয়ারএজ এক প্রতিবেদনে জানায়, ভারতের কয়লাবিষয়ক মন্ত্রণালয় ২০২৫-২৬ সালের মধ্যে বার্ষিক কয়লা উত্তোলন ১০০ কোটি টন এবং ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে দেড় কোটি টনে উন্নীত করবে। এ লক্ষ্যমাত্রা অর্জনে দেশটির রাষ্ট্রীয়মালিকানাধীন প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া উত্তোলন বাড়ানোর ওপর জোর দিচ্ছে। 

কয়লাবিষয়ক মন্ত্রণালয় জানায়, কয়েক বছর ধরেই ভারতের কয়লা উত্তোলন বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে দেশটি উত্তোলন করেছে ৭৭ কোটি ৮১ লাখ ৯০ হাজার টন। এক বছরের ব্যবধানে উত্তোলন ৬ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। 

চলতি অর্থবছরে এপ্রিল-জানুয়ারি পর্যন্ত উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার টন। গত অর্থবছরের একই সময় উত্তোলনের পরিমাণ ছিল ৬০ কোটি ১৯ লাখ ৭০ হাজার টন। 

গত বছরের তুলনায় এ বছর ভারতে কয়লার আমদানিও বেড়েছে। তবে সরকারের উত্তোলন বাড়ানোর প্রচেষ্টা মধ্যমেয়াদে আমদানিনির্ভরতা কমিয়ে আনতে সহায়তা করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় বর্তমানে জ্বালানিটির চাহিদা ঊর্ধ্বমুখী। ফলে এসব কেন্দ্রে কয়লার সরবরাহ তুলনামূলক বেড়েছে। 

কেয়ারএজের উপদেষ্টা ও গবেষণা পরিচালক তানভী শাহ বলেন, ‘‌আন্তর্জাতিক বাজারে কয়লার চাহিদা এখনো দুর্বল। ফলে নিকট মধ্য মেয়াদে জ্বালানিটির দাম স্থিতিশীল থাকবে।’ 

প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছর ভারতে যে পরিমাণ কয়লা ‍উত্তোলন হয়েছে, তা ৮৪ শতাংশই গেছে বিদ্যুৎ খাতে। গত অর্থবছর এ হার ছিল ৮২ শতাংশ। অন্যান্য খাতে সরবরাহ এক বছরের ব্যবধানে বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। প্রধান প্রধান খনিগুলোর সঙ্গে রেল যোগাযোগের উন্নয়ন ও ঊর্ধ্বমুখী উত্তোলনের কারণে সরবরাহ বেড়েছে। 

বিদ্যুৎ খাতে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৬০ কোটি ৯০ লাখ টন কয়লা সরবরাহ হয়েছে। এক বছরের ব্যবধানে সরবরাহ বেড়েছে ১০ দশমিক ৫ শতাংশ। তবে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রগুলোয় সরবরাহ স্থিতিশীল রয়েছে। 

কেয়ারএজ জানায়, চলতি অর্থবছর ভারতে কয়লা আমদানি বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ২০ লাখ টনে। দেশটি বিদ্যুৎ উৎপাদনে তাপীয় কয়লা ব্যবহার করে। মোট আমদানীকৃত কয়লার ৬৬ শতাংশ গিয়েছে বিদ্যুৎ উৎপাদনে। 

আমদানীকৃত তাপীয় কয়লার ৭০ শতাংশই সরবরাহ করেছে ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফিকা। অন্যদিকে ধাতব কয়লার সিংগভাগই এসেছে অস্ট্রেলিয়া থেকে।