গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) গোল্ডম্যান স্যাকসের মুনাফা অর্ধেকে নেমে এসেছে। উচ্চমূল্যস্ফীতিসহ মার্কিন অর্থনীতি বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে। মন্দার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদন অনুসারে, এর জের ধরেই ব্যাংকের ব্যবসায় ভাটা পড়েছে।
সম্প্রতি নিউইয়র্কভিত্তিক ব্যাংকটি জানায়, দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২৭৭ কোটি ডলার আয় করে। শেয়ারপ্রতি মুনাফা দাঁড়ায় ৭ ডলার ৭৩ সেন্ট। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৫৩৫ কোটি ডলার। ওই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৫ দশমিক শূন্য ২ ডলার।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বজুড়ে অর্থনীতিতে মন্দা পরিস্থিতিই গোল্ডম্যানের মুনাফা হ্রাসের কারণ। গত বছরের তুলনায় এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বিনিয়োগ ব্যবসার আয় ৪১ শতাংশ কমেছে।
গোল্ডম্যানের মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ কোটি ডলার। অথচ গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ১ হাজার ৫৩৯ কোটি ডলার।









