আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ কিছু কৌশল গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। তিনি বলেন, ‘আমরা আইএমএফের লক্ষ্য পূরণের জন্য কাজ করছি। আমাদের হাতে যে সময়টুকু আছে, সে সময়ের মধ্যে কীভাবে লক্ষ্য অর্জন করতে পারি তার জন্য চেষ্টা করে যাচ্ছি। এজন্য কাস্টমস, আয়কর ও ভ্যাট—এ তিন জায়গাতেই বিশেষ কিছু কৌশল গ্রহণ করেছি। গতকাল এনবিআর সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রমজান মাস সামনে রেখে কিছু পণ্যে আমদানি শুল্ক ও কর কমাতে কাজ চলছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে। এ পরিপ্রেক্ষিতে এনবিআর কাজ করছে।’ তবে কোন কোন পণ্যে শুল্ক কমানো হবে তা জানাননি এনবিআর চেয়ারম্যান। 

তিনি বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে আহরিত মোট ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকার রাজস্বের মধ্যে ৯২ হাজার ৭৩২ কোটি এসেছে কাস্টমস থেকে।’ বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি কাস্টমসের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।’ দিবসটি উপলক্ষে আজ এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে দেয়া হবে ‘ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট-২০২৪।’

তিনি বলেন, ‘কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ নির্ভর করে আমদানির ওপর। এসডিজির সঙ্গে তাল মিলিয়ে আমদানির পরিমাণও বাড়বে। রফতানি থেকে কাস্টমসে তেমন শুল্ক আসে না। রফতানিকে আমরা উৎসাহিত করতে চাই।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (ভ্যাট) মহাপরিচালক ড. মো. আবদুর রউফ ও এনবিআর সদস্যরা।