মর্টগেজ বা বন্ধকী ঋণ শাখার কর্মী ছাঁটাই করছে সিটিগ্রুপ ইনকরপোরেশন। অভ্যন্তরীণ কিছু নীতির আওতায় এ ছাঁটাই করা হচ্ছে। তবে এর ফলে যে ক’টি পদ ক্ষতিগ্রস্ত হবে তার সংখ্যা শতক ছাড়াবে না। খবর রয়টার্স।
সিটিগ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, ছাঁটাই হলেও প্রত্যেক কর্মীকে আলাদাভাবে সহায়তা করা হবে। যেন তারা দ্রুত অন্য চাকরি খুঁজে নিতে পারেন। সেটি হতে পারে সিটিগ্রুপের ভেতরে বা বাইরে যেকোনো স্থানে। সব ক্ষেত্রেই গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।
২০১৮-২০ সালের মধ্যে বিপুল কর্মী নিয়োগ দেয় সিটিগ্রুপ। সে সময় সুদের হার কম হওয়ার কারণে মর্টগেজের পরিমাণ বেড়ে গিয়েছিল। যার চাপ সামলাতেই মূলত কর্মী নিয়োগ বাড়ানো হয়। তবে এখন পরিস্থিতি পাল্টে যাওয়ায় কর্মী কমানো হচ্ছে।
এর আগে গত জুনে জেপি মরগানও মর্টগেজ শাখায় এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল। চলতি বছরের প্রথমার্ধ বিনিয়োগ ব্যাংকগুলোর জন্য বেশ খারাপ গিয়েছে। এ অবস্থায় কর্মীদের কাজে বহাল রাখা হবে নাকি ছাঁটাই করা হবে তা নিয়েই সংশ্লিষ্টরা বেশ অস্বস্তি রয়েছেন।









