টানা ছয় সপ্তাহ মন্দা ভাব বজায় থাকার পর ঘুরে দাঁড়িয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের সাপ্তাহিক বাজার।
সর্বশেষ সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট ক্রুডের গড় দাম বেড়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, চীনে নভেল করোনাভাইরসের সংক্রমনের হার তুলনামূলক কমে আসায় জ্বালানি পণ্যটির বাজার চাঙ্গা হতে শুরু করেছে।
একই সঙ্গে ওপেকভুক্ত দেশগুলোয় নতুন করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনার সম্ভাবনা বাজার পরিস্থিতি ফেরাতে প্রভাবক হিসেবে কাজ করেছে।
খবর সিনহুয়া ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ সপ্তাহে ডব্লিউটিআইয়ের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।
এ
সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে গড়ে ৫২ ডলার শূন্য ৫ সেন্টে।
এর
মধ্য দিয়ে টানা দুই সপ্তাহ পর জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫২ ডলারের ওপর উঠেছে।
এদিকে সর্বশেষ সপ্তাহে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়িয়েছে ৫৭ ডলার ৩২ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ২৩ শতাংশ বেশি।
সপ্তাহের সর্বশেষ চার কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তির দিকে ছিল।
যদিও বছরের শুরুর সময়ের থেকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ১৪ দশমিক ৭৬ শতাংশ কম রয়েছে।
একই সঙ্গে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ১৩ দশমিক ১৫ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে।
চীনজুড়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চাহিদা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন শুরু হয়।
পরবর্তী সময়ে প্রাণঘাতী এ ভাইরাস চীনের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে দরপতন আরো জোরালো হয়।
এ
পরিস্থিতিতে মার্কিন জ্বালানিমন্ত্রী ড্যান বুয়েত্তে বলেন, ভাইরাস ছড়িয়ে পড়া ও অপরিশোধিত জ্বালানি তেলের বড় ধরনের দরপতন রোধে চীন ত্বরিৎ ও কার্যকর নীতি গ্রহণ করবে বলে আশা করছি।
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস আতঙ্কের জেরে দরপতনের লাগাম টানতে ওপেক, নন-ওপেক দেশগুলোকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বর্তমানের তুলনায় আরো কমিয়ে আনার প্রস্তাব দেয় সৌদি আরব।
এতে রাশিয়া ছাড়া কয়েকটি দেশ রাজি হয়েছে।
মার্চে এ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
চীনজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমার পাশাপাশি ওপেকের আওতায় উত্তোলন কমানোর সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে ছয় সপ্তাহ পর অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম বাড়িয়ে দিয়েছে।









