চলতি বছরের প্রথমার্ধে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বিক্রি বেড়েছে হুন্দাই মোটর কোম্পানি ও এর অধিভুক্ত সংস্থা কিয়া করপোরেশনের। দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদন অনুসারে, বাজারে জাপানি অটোমোবাইল নির্মাতাদের আধিপত্য থাকলেও এখন পর্যন্ত ভালো বিক্রি হয়েছে হুন্দাইয়ের।
ভিয়েতনামে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান দুটির যৌথ প্রকল্প হুন্দাই থান কং ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম ও থাকো কিয়া। চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত প্রকল্প দুটির বিক্রি দাঁড়িয়েছে ৭১ হাজার ৮৮২ ইউনিট। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে ২৯ দশমিক ৩ শতাংশ। সম্প্রতি ভিয়েতনাম অটোমোবাইল ম্যানুফ্যাকচারারস’
অ্যাসোসিয়েশন এ তথ্য প্রকাশ করেছে। ভিয়েতনামে জাপানি অটোমোবাইল সংস্থা টয়োটার থেকে হুন্দাইয়ের বিক্রি ১ দশমিক ৭ গুণ বেশি ছিল। বছরের প্রথম ছয় মাসে টয়োটার বিক্রি ছিল ৪৩ হাজার ৮৫ ইউনিট।
এছাড়া ভিয়েতনামে হুন্দাই ও কিয়ার সমন্বিত বাজারের শেয়ারও টয়োটার তুলনায় বেশি ছিল। দেশটিতে হুন্দাই ও কিয়ার সমন্বিত শেয়ার ছিল ৩৮ দশমিক ৩ শতাংশ। টয়োটার ক্ষেত্রে তা ২৩ দশমিক ২ শতাংশ।
এদিকে দক্ষিণ কোরীয় অটোমোবাইল নির্মাতাদের বিক্রি অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল ইন্দোনেশিয়ায়ও। অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া অটোমোটিভ ইন্ডাস্ট্রিজের তথ্য বলছে, গত বছরের তুলনায় হুন্দাই ও কিয়ার বিক্রি প্রায় চার গুণ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৩। দেশটিতে হুন্দাই ও কিয়ার বাজার শেয়ার বেড়ে ২ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে জাকার্তার ৪০ কিলোমিটার পূর্বে সিকারাংয়ের সন্নিকটে ডেলটামাস শিল্প কমপ্লেক্সের কারখানার কাজ সম্পন্ন হয়েছে। কারখানাটিতে বছরে ১ লাখ ৫০ হাজার গাড়ি উৎপাদন হবে।









