কয়েকটি মডেলের ট্রাকের শিপমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাপানি ট্রাক ও বাস নির্মাতা প্রতিষ্ঠান হিনো। সম্প্রতি কোম্পানিটির নির্দিষ্ট একটি মডেলের ট্রাকের ব্যাপারে তথ্য জালিয়াতির ঘটনা সত্য প্রমাণিত হওয়ার পর হিনো এ ঘোষণা দিয়েছে। ফলে হিনো মোটরসের ব্যবসায় দুর্দিন চলছে।
জাপানের যোগাযোগ মন্ত্রণালয় পরিচালিত কার্বন নিঃসরণ পরীক্ষায় তথ্য গোপন করেছে বলে অভিযোগ উঠেছিল সংস্থাটির বিপক্ষে। অভিযোগ সত্য স্বীকার করে নিয়ে ৭৬ হাজার ট্রাকের কার্বন নিঃসরণের হিসাব সঠিক নয় বলে হিনোর প্রেসিডেন্ট সাতোশি ওগিসো একটি সংবাদ সম্মেলনে বলেন। ফলে জাপানের শেয়ার মার্কেটের সূচক নিকেই ২২৫-এ হিনোর শেয়ার ৩ দশমিক ৫ শতাংশ পড়ে গিয়েছে। টয়োটার শেয়ারের দামেও এর প্রভাব পড়তে শুরু করেছে। টয়োটার কাছে হিনোর ৫০ দশমিক ১ শতাংশ শেয়ার রয়েছে।
এদিকে টয়োটার প্রেসিডেন্ট আকিয়ো তোইয়োদা হিনোর জালিয়াতিতে দুঃখ প্রকাশ করে বলেন, হিনো যা করেছে তা অত্যন্ত দুঃখজনক। শেয়ারহোল্ডারদের আকাঙ্ক্ষা ও বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে প্রতিষ্ঠানটি।
গুজবের সত্যতা প্রমাণিত হওয়ার পর হিনো তার নির্মিত ট্রাকের চালানগুলো বন্ধ ঘোষণা করেছে। সামনের বছর থেকে এর চালানের ৬০ শতাংশ হ্রাস পাবে বলেও কোম্পানিটি আশঙ্কা করছে।








