মন্দা ভাব কিছুতেই পিছু ছাড়াছে না জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে।
মাঝে মাঝে দু-একটা ঘটনার জেরে কয়েক দিনের জন্য পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হয়।
এরপর ফের তা নিম্নমুখী হতে শুরু করে।
সম্প্রতি চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রভাবে পণ্যটির বৈশ্বিক চাহিদা কমবে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা।
ফলে জ্বালানিপণ্যটির দাম আরো কমতে শুরু করেছে।
খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাজারে গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বেচাকেনা হয়েছে ৫৭ ডলার শূন্য ৭ সেন্টে, আগের দিনের তুলনায় যা ৬০ সেন্ট বা ১ শতাংশ কম।
একই দিনে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫১ ডলার ৬৭ সেন্টে, আগের দিনের তুলনায় যা ৩৮ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কম।
চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ভোক্তা দেশ।
তাই দেশটিতে পণ্যটির চাহিদার হ্রাস-বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পণ্যটির বৈশ্বিক চাহিদা দৈনিক গড়ে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল কমে যেতে পারে।
২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর এটাই হবে কোনো প্রান্তিকে জ্বালানিপণ্যটির চাহিদার পতন।









