চলতি বছরের প্রথম চার মাসে ২৪ হাজার ৮৪০ কোটি শ্রীলংকান রুপি লোকসান গুনেছে শ্রীলংকান এয়ারলাইনস। এর মধ্যে ডলারের বিপরীতে রুপির বিনিময় হার পতনের কারণেই মার্চে ১৪ হাজার ৫০০ কোটি রুপি লোকসান হয়েছে। খবর ডেইলি মিরর।
২০২২ সালের প্রথম চার মাসের লোকসান ২০২১ সালের একই সময়ের ১৭ হাজার ৮০ কোটি রুপি এবং ২০২০ সালে ৪ হাজার ৫২০ কোটি রুপির চেয়ে অনেক বেশি। যদিও এ লোকসানের পরিমাণ করপূর্ববর্তী না করপরবর্তী তা নিশ্চিত করা হয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মে মাসে দায়িত্ব নেয়ার পরে ট্রেজারিকে অন্তহীন বোঝা থেকে মুক্তি দিতে লোকসানে থাকা এয়ারলাইনসটি বিক্রির ঘোষণা দিয়েছেন।
সর্বশেষ আর্থিক তথ্য অনুসারে, জানুয়ারি-এপ্রিল সময়ে শ্রীলংকান এয়ারলাইনস ৭ হাজার ১৮০ কোটি রুপি আয় করেছে। তবে এ সময়ে মোট ব্যয় দ্রুত বেড়ে ৩২ হাজার ৩০ কোটি রুপিতে দাঁড়িয়েছে।









