বিশ্বব্যাপী অর্থনৈতিক শ্লথগতির মধ্যে বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন বাণিজ্য চুক্তির ওপর জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি ইইউ বাণিজ্যিক কমিশনার ভালদিস দমব্রোভসকিস বলেন, জোটটির বাণিজ্য চুক্তির নেটওয়ার্ক বাড়ানোর প্রক্রিয়া চলছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের ধরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার প্রচেষ্টা করছে জোটভুক্ত দেশগুলো। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
ভালদিস দমব্রোভসকিস জানান, ভূরাজনৈতিক চাপ বাণিজ্যিক পলিসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। অর্থনীতির উন্নয়নে ইইউর বিভিন্ন বৈশ্বিক চুক্তির মধ্যে রয়েছে চিলি ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি। এ বছরের শেষ নাগাদ চিলির সঙ্গে চুক্তিটি করা হবে। আগামী বছরের প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এছাড়া মেক্সিকো ও নিউজিল্যান্ডের চুক্তিতে সম্মত হয়েছে ইইউ। পাশাপাশি ভারত ও ইন্দোনেশিয়ার সঙ্গেও আলোচনা অগ্রসর করা হবে।
বৈশ্বিক বাণিজ্যিক চুক্তি করার মাধ্যমে বাণিজ্যিক অংশীদার হিসেবে গুরুত্ব বাড়বে ইইউর বলে জানান ভালদিস দমব্রোভসকিস। নতুন চুক্তি করতে আরো বেশি তত্পর হতে হবে বলে জানান তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তির মাধ্যমে জোটের অর্থনীতি আবারো গতিশীলতা ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইইউর বাণিজ্যিক কমিশনার।









