সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ ও ৩২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। এর মধ্যে ঘোষিত নগদ লভ্যাংশ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, এর আগে গত ২৬ ডিসেম্বর বিনিয়োগকারীদের কাছে স্টক লভ্যাংশ পাঠিয়েছিল কোম্পানিটি। কোম্পানিটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে এ মাইনাস ও স্বল্পমেয়াদে এসটি-থ্রি। সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে মুন্নু এগ্রোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৪ টাকা ৩৯ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে মুন্নু এগ্রোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৯৭ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তার আগের হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি ২০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।