চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) করপূর্ব মুনাফা প্রকাশ করার প্রত্যাশা ব্যক্ত করেছে আমেরিকান এয়ারলাইনস। এ ঘোষণার পর মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। খবর এপি।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, মে-জুনে প্রতিষ্ঠানটির করপূর্ব মুনাফা দাঁড়াবে ৫৮ কোটি ৫০ লাখ ডলার। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে উড়োজাহাজ পরিবহন সংস্থাটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি হবে।
কভিড-১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। যাত্রীদের বুকিং বাড়ায় ভালো আয় করছে প্রতিষ্ঠানগুলো। যদিও জ্বালানির চড়া মূল্য সংস্থাগুলোর মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলছে। মূলত মহামারী ছাড়াও ভূরাজনৈতিক সংকটে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।
আমেরিকান এয়ারলাইনস জানায়, চলত বছরের দ্বিতীয় প্রান্তিকে জ্বালানির জন্য গ্যালনপ্রতি ৪ ডলার থেকে ৪ ডলার ৫ সেন্ট পর্যন্ত মূল্য পরিশোধ করেছে সংস্থাটি। জ্বালানির মূল্য প্রত্যাশার থেকে গ্যালনপ্রতি ৮ সেন্ট বেশি ছিল।









