ব্রাজিলে নিজেদের প্রথম বিদ্যুচ্চালিত বাস সংযোজন শুরু করতে যাচ্ছে মার্সিডিজ-বেঞ্জ। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতিতে চাহিদা বাড়ায় এ পদক্ষেপ নিতে চলেছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
মার্সিডিজ-বেঞ্জ ব্রাজিলের বাস বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ওয়াল্টার বারবোসা জানিয়েছেন, ব্রাজিলে ২০২৪ সালের মধ্যে বিদ্যুচ্চালিত বাসের চাহিদা তিন হাজারে উন্নীত হবে। যেখানে ২০২৩ সালের চাহিদা মাত্র এক হাজার ইউনিট বাস।
ইওফাইভজিরোজিরোইউ নামের মার্সিডিজ-বেঞ্জের বাসটি ৮৪ জন যাত্রী পরিবহন করতে সক্ষম। এক চার্জে গাড়িটি ২৫০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারবে। এ প্রকল্পে মার্সিডিজ ১০ কোটি ব্রাজিলীয় রিয়েল (১ কোটি ৮৬ লাখ ডলার) বিনিয়োগ করেছে।
দুটি ইঞ্জিনে সজ্জিত গাড়িটি চার্জ করতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগবে। তবে সংস্থাটি বাসটির দাম প্রকাশ করেনি। সংস্থাটি জানিয়েছে, গাড়িটির দাম প্রচলিত ডিজেলচালিত বাসের তুলনায় তিন থেকে সাড়ে তিন গুণ বেশি হবে বলে আশা করা হচ্ছে।









