ভূপ্রকৃতি ও জলবায়ুগত কারণে উত্তর আফ্রিকা, ভূমধ্যসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সবচেয়ে বেশি ও ভালো মানের জলপাই উৎপাদন হয়। এ কারণে এসব অঞ্চলে অলিভ অয়েল শিল্প বিকাশ লাভ করেছে। পাকিস্তান অলিভ অয়েলের আমদানিকারক দেশ। আন্তর্জাতিক বাজার থেকে আমদানির মাধ্যমে অলিভ অয়েলের অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ পূরণ করে ইসলামাবাদ। তবে পণ্যটি উৎপাদনে স্বনির্ভর হতে আগ্রহী হয়ে উঠেছে পাকিস্তান। এজন্য দেশটি জলপাই ও অলিভ অয়েলের উৎপাদন বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। খবর অলিভঅয়েলটাইমসডটকম।
২০১৯-২০ মৌসুমে পাকিস্তানের অলিভ অয়েল উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ১ হাজার ৪০০ টনে। ২০২৭ সালের মধ্যে তা বছরে ১৬ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটি অলিভ অয়েল উৎপাদনকারীদের বৈশ্বিক তালিকায় অবস্থান পোক্ত করতে আগ্রহী। এমনকি নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি অলিভ অয়েল রফতানি করাও সম্ভব হবে।
এ লক্ষ্য অর্জনে এরই মধ্যে নানা ধরনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। গত ১০ বছরে পাকিস্তানে ছোট-বড় মিলিয়ে হাজারো বাণিজ্যিক জলপাই বাগান গড়ে তোলা হয়েছে। বিশেষত দেশটির সমুদ্র তীরবর্তী এলাকাগুলোয় কৃষক ও বাগানীদের বাণিজ্যিকভাবে জলপাই গাছ লাগাতে উৎসাহ দেয়া হচ্ছে। সরকারি প্রকল্পের আওতায় এসব অঞ্চলের কৃষক ও বাগানীদের বাণিজ্যিক জলপাই চাষের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
দেশীয় ও আন্তর্জাতিক বাজার ধরতে এরই মধ্যে পাক অলিভ নামে অলিভ অয়েলের একটি ব্র্যান্ড গড়ে তুলেছে পাকিস্তান। পাক অলিভের পরিচালক মোহাম্মদ তারিক বলেন, অলিভ অয়েলের আন্তর্জাতিক বাজারে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে আগ্রহী পাকিস্তান। এ কারণে পণ্যটির উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানামুখী উদ্যোগ এগিয়ে নেয়া হচ্ছে। উৎপাদিত জলপাই ও অলিভ অয়েলের মান যাচাইয়ে একটি পরীক্ষাগার ও ভ্রাম্যমাণ টেস্টিং ল্যাব চালু করা হয়েছে। এ খাতের দ্রুত বিকাশ নিশ্চিত করতে পাকিস্তান অলিভ অয়েল কাউন্সিল গঠনের পরিকল্পনা রয়েছে।
পাকিস্তানের মিনিস্ট্রি অব ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যান্ড রিসার্চের আওতায় অলিভ অয়েলের উৎপাদন বাড়ানোর এসব উদ্যোগ পরিচালিত হচ্ছে বলে জানান মোহাম্মদ তারিক। তিনি বলেন, অলিভ অয়েল খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সব ধরনের সহায়তা দেবে সরকার। সরকার চায়, বেসরকারি উদ্যোগে ভালো মানের ব্র্যান্ড গড়ে উঠুক। তাহলে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানি অলিভ অয়েল দ্রুত জায়গা করে নিতে সক্ষম হবে।









