সাম্প্রতিক সময়ে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর ও লেনদেন এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ও ইউনিট লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানি ও ফান্ডটি। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ওরিয়ন ইনফিউশন: বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৩১ টাকা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ টাকায়। চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা, আগের হিসাব একই প্রান্তিকে যা ছিল ৬৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৪ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ওরিয়ন ইনফিউশনের ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা।
গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: বাজার বিশ্লেষণে দেখা যায়, ১৮ ডিসেম্বর ডিএসইতে ফান্ডটির ইউনিটদর ছিল ৯ টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার এ দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সায়। চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৬ পয়সা।
ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৩ পয়সা।









