এ উপলেক্ষ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লাহ খান এবং ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলমনেট ইএমএসের আওতায় যুক্ত হওয়ায় মাদরাসাটি তার শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, উপস্থিতি ব্যবস্থাপনা, নোটিস প্রদান, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং ফি আদায়সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে পরিচালনা করতে পারবে। পাশাপাশি ইসলামিক ওয়ালেট ও বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেনের সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনার আওতায় আনতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ‘ইলমনেট’ সেবা চালু করেছে। শরিয়াহসম্মত এ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থী ব্যবস্থাপনা, ফি আদায় এবং ডিজিটাল পেমেন্টসহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে।’ তিনি আশা প্রকাশ করেন, ‘ইলমনেট’ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া ও সৈয়দ আবুল হাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।