সিঙ্গাপুরে ভোক্তা মূল্য সূচক ঊর্ধ্বমুখী। জুলাইয়ে দেশটির কোর মূল্যস্ফীতি ১৩ বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বাজারে অস্থিরতার মধ্যে থাকা খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে কোর মূল্যস্ফীতি হিসাব করা হয়। মূল্যস্ফীতির ক্রমবর্ধমান এ প্রবণতা মুদ্রানীতি কঠোর করতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়িয়েছে। খবর স্ট্রেইটস টাইমস।
মনিটারি অথরিটি অব সিঙ্গাপুরে (এমএএস) এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, খাদ্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম মূল্যস্ফীতি বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। গত মাসে কোর মূল্যস্ফীতি ৪ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকরা ৪ দশমিক ৭ শতাংশের পূর্বাভাস দিয়েছিলেন।
গত মাসে সার্বিক ভোক্তা মূল্য সূচক ২০২১ সালের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। জুনে কোর ও সার্বিক মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৪ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ শতাংশ।
উচ্চমূল্যস্ফীতির এ পরিসংখ্যানের পর তিনজন অর্থনীতিবিদ আগামী অক্টোবরে নির্ধারিত বিবৃতিতে এমএএস আর্থিক নীতি কঠোর করবে বলে জানিয়েছেন। তবে এর আগে অনির্ধারিতভাবে নীতি কঠোর করার সম্ভাবনা কম।









