জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি বিক্রি বন্ধের পরিকল্পনা করছে চীনের হেইনান প্রদেশ। জলবায়ু পরিবর্তনে ভূমিকা পালন করা কার্বন নিঃসরণ রোধে এ পদক্ষেপ নেবে দ্বীপটি। পরিকল্পনা চূড়ান্ত হলে এমন পদক্ষেপ নেয়া চীনের প্রথম অঞ্চল হয়ে উঠবে হেইনান। খবর এপি।

কার্বন পিক ইমপ্লিমেন্টেশন প্ল্যান শীর্ষক পরিকল্পনায় হেইনান প্রদেশের সরকার জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করা হবে। পাশাপাশি কর বিরতি এবং চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি উৎসাহিত করা হবে।

চীন কয়েক দশকের মধ্যে উষ্ণ ও শুষ্কতম গ্রীষ্মের সঙ্গে লড়াই করার সময়ে এমন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। তীব্র দাবদাহের কারণে দেশটির অনেক অঞ্চলের ফসল নষ্ট হয়েছে এবং জলাধারের পানি কমে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ পরিকল্পনায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে পুরো প্রদেশে ডিজেল ও পেট্রলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করা হবে।

এর আগে ২০১৭ সালে চীনের ডেপুটি শিল্পমন্ত্রী বলেছিলেন, জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি তৈরি ও বিক্রি বন্ধের পরিকল্পনা করছে বেইজিং।

তবে সরকার এখনো সেই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেনি।