পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংকের পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট ঘোষণা করা হয়েছে। বন্ড দুটি হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ৯ দশমিক ২৮ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ৮ দশমিক ২২ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করেছিল বন্ডের ট্রাস্টি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। সমাপ্ত ২০২২ সালের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছিল।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ইউনিটধারীদের ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দিয়েছে। এর রিটার্ন রেট হবে ৬-১০ শতাংশ এবং মার্জিন রেট আড়াই শতাংশ। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ইউনিটধারীদের ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা করা হয়েছিল। বন্ডটির রেকর্ড ডেট ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা ঘোষণা করা হয়েছিল।









