রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রায় পাঁচ মাস গড়াতে চলল। তবু এখনো কোনো সমাধানে পৌঁছতে পারেননি বিশ্বনেতারা। অন্যদিকে রাশিয়া থেকে একে একে ব্যবসা গুটিয়ে নিচ্ছে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি ডেনমার্কভিত্তিক খেলনাসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান লেগো অনির্দিষ্টকালের জন্য রুশ ব্যবসা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। খবর বিবিসি।
ইউক্রেনে আক্রমণের পর পরই চলতি বছরের মার্চে রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধ করে লেগো। পণ্য সরবরাহ বন্ধ হলেও রাশিয়ায় দোকান খোলা ছিল সংস্থাটির। সম্প্রতি লেগো জানিয়েছে, ইনভেনটিভ রিটেইল গ্রুপের সঙ্গে চুক্তি সমাপ্ত করবে প্রতিষ্ঠানটি। লেগোর পক্ষ থেকে রাশিয়ায় ৮১টি দোকান পরিচালনা করে সংস্থাটি। তবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার জন্য যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেনি লেগো।
এ বিষয়ে লেগোর এক মুখপাত্র জানান, মার্চে রাশিয়ায় সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে লেগো। পাশাপাশি সব ধরনের বাণিজ্যিক কার্যক্রমেরও ইতি টানে প্রতিষ্ঠানটি। প্রায় সব কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
এক বিবৃতিতে লেগো জানায়, মস্কোভিত্তিক দলগুলোকে অপসারণ করা হচ্ছে। অন্যদিকে ৭০ জন কর্মীকে আর্থিক সহযোগিতা দিয়েছে প্রতিষ্ঠানটি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিলেও রাশিয়ার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছেদ করেনি লেগো। তবে সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় ব্যবসা পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।









