রাশিয়ায় ভোক্তা ও বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসা বন্ধ করছে সিটিগ্রুপ। চলমান তৃতীয় প্রান্তিকেই (জুলাই-সেপ্টেম্বর) গুটিয়ে নেয়ার কার্যক্রম শুরু করবে ওয়াল স্ট্রিট জায়ান্ট সিটিগ্রুপ ইনকরপোরেটেড। ফলে আগামী ১৮ মাসে ব্যাংকটির ১৭ কোটি ডলার ব্যয় হবে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এ পদক্ষেপ নিচ্ছে সিটি। যদিও উভয় ব্যবসা বিক্রির জন্য এখনো ক্রেতা খুঁজে পায়নি মার্কিন বিনিয়োগ ব্যাংকটি।
রয়টার্সের খবর অনুসারে, এর আগে ২০২১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের
বাইরে বেশ কিছু বাজার থেকে ভোক্তা ব্যাংকিং ব্যবসা বিক্রি করে দেয়ার ঘোষণা দেয় সিটিগ্রুপ।
ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সংস্থাটি রাশিয়ার বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমও
এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে।
মার্কিন ব্যাংকগুলোর মধ্যে রাশিয়ায় সবচেয়ে বেশি বিস্তৃত ব্যাংকিং
কার্যক্রম রয়েছে সিটির। এ বন্ধের সিদ্ধান্তের কারণে দেশটিতে প্রতিষ্ঠানটির তিন হাজার
কর্মীর মধ্যে ১৫টি শাখার প্রায় ২ হাজার ৩০০ কর্মী চাকরি হারাবে। এর মাধ্যমে ব্যাংকটি
রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেয়া অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগ দিল।









