ভ্রমণ পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে উড়োজাহাজ কেনাও চালিয়ে যাচ্ছে ডেল্টা এয়ারলাইনস। মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি আরো ১২টি এয়ারবাস জেট কেনার ঘোষণা দিয়েছে। একদিন আগেই সংস্থাটি বোয়িংয়ে বড় একটি ক্রয়াদেশ দিয়েছে। খবর এপি।
এপির খবরে বলা হয়েছে, পুরনো উড়োজাহাজ প্রতিস্থাপনে কাজ শুরু করেছে ডেল্টা এয়ারলাইনস। এ লক্ষ্যে সংস্থাটি এয়ারবাস এ২২০ মডেলের আরো ১২টি জেট ক্রয়াদেশ দিয়েছে। ২০২৬ সাল থেকে উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হবে। লন্ডনের কাছে ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শোতে চুক্তিটি ঘোষণা করা হয়েছে।
এ২২০ মডেলটি এয়ারবাসের মালিকানাধীন কানাডীয় বোম্বার্ডিয়ার তৈরি করেছে। ১৩০টি পর্যন্ত আসন থাকা মডেলটি একটি আঞ্চলিক পর্যায়ে ফ্লাইট পরিচালনা করা উড়োজাহাজের চেয়ে বড়। যদিও এটি বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স জেটের চেয়ে ছোট। একদিন আগেই ডেল্টা বোয়িংয়ের ১০০টি ৭৩৭ ম্যাক্স ১০ উড়োজাহাজ কেনার ঘোষণা দেয়। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি উৎপাদিত মডেল এটি। যদিও ত্রুটির কারণে মডেলটি মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।
বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় আক্রমণাত্মকভাবে খরচ কমানোর চেষ্টা করছে। ৭৩৭ ম্যাক্স এক্ষেত্রে এয়ারলাইনসগুলোর জন্য সহায়ক হতে পারে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, মডেলটিতে সর্বোচ্চ ২৩০ জন বসতে পারে। এটি পুরনো উড়োজাহাজের তুলনায় ২০-৩০ শতাংশ পর্যন্ত জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনবে।
উড়োজাহাজ পরিবহন সংস্থাটি উভয় ক্রয়াদেশেরই শর্তাবলি প্রকাশ করেনি। তবে বোয়িংয়ের ওয়েবসাইটে দেয়া মূল্য অনুসারে, ক্রয়াদেশটি ১ হাজার ৩৫০ কোটি ডলার মূল্যের। পাশাপাশি এয়ারবাসের ১২টি জেটের তালিকামূল্য ১০০ কোটি ডলারেরও বেশি। যদিও এ ধরনের ক্রয়াদেশের ক্ষেত্রে এয়ারলাইনসগুলো বড় ধরনের ছাড় পায়।









