৭০ হাজারেরও বেশি গাড়ি প্রত্যাহার করবে হুন্দাই মোটর করপোরেশন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, গাড়ির ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ মেরামতের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।

ছয়টি মডেলের সর্বমোট ৭০ হাজার ৫৮২ ইউনিট গাড়ি প্রত্যাহার করবে হুন্দাই। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় জানায়, এর মধ্যে রয়েছে এক্সসিয়েন্ট কিউজি ভারী ট্রাক ও কাউন্টি বাস। সংশ্লিষ্টরা জানান, হুন্দাইর মাইটি ট্রাকের ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায়। এর জের ধরেই প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

এদিকে হুন্দাইয়ের পাশাপাশি গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্সিডিস বেঞ্জ কোরিয়াও। জার্মান অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ত্রুটির কারণে দক্ষিণ কোরিয়ায় গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। পাঁচটি মডেলের মোট ৪৩৮ ইউনিট গাড়ি প্রত্যাহার করবে মার্সিডিস।