সাধারণ শেয়ার ইস্যু ও ব্যবস্থাপনা পরিচালকের  নিয়োগবিধি বিষয়ে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জানুয়ারি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যানুসারে, ‘রিজিওনাল সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট, বাংলাদেশ’ (ইনস্টলেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অব সেকেন্ড সাবমেরিন কেবল সিস্টেম (এসএমডব্লিউ-৫) ফর ইন্টারন্যাশনাল টেলিকমিউনেকেশনস ইন বাংলাদেশ) শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারের কাছ থেকে ১৬৬ কোটি টাকা ইকুইটি হিসেবে নিয়েছিল বিএসসিসিএল। এ অর্থের বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর জন্য অর্থ বিভাগের সম্মতি চেয়েছিল কোম্পানিটি। গত সেপ্টেম্বরে প্রতি শেয়ার ৭৫ টাকা দরে ইস্যুর বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পায় কোম্পানিটি। এর পরিপ্রেক্ষিতে মোট ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি সাধারণ শেয়ার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেয়ার ইস্যুর বিষয়টি  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে শেয়ার ইস্যুর বিষয়টি ইজিএমে শেয়ারহোল্ডারদের কাছে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে বিএসসিসিএল। এছাড়া কোম্পানির নিয়োগবিধি অনুযায়ী বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সরকার মনোনীত করে এবং পরিচালনা পর্ষদ অনুমোদন ও নিয়োগ করে। এটি পরিবর্তন করে শেয়ারহোল্ডারদের পূর্বানুমোদন সাপেক্ষে পরিচালনা পর্ষদ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেয়ার বিধিটি ইজিএমে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৯৪ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসিসিএল।