সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে কোম্পানির নাম ‘সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘জিডি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার সিদ্ধান্ত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে কোম্পানিটির নাম পরিবর্তন করা হবে। 

উল্লেখ্য, সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা ও পরিচালকরা তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। এ শেয়ার বিক্রির জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও অন্য ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করা হয়েছিল। 

শেয়ার বিক্রির বিষয়ে এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেয়েছিল সানলাইফ ইন্স্যুরেন্স। এক্ষেত্রে বিএসইসির পক্ষ থেকে আইনি ছাড়সহ বেশকিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ১৩ জন শেয়ারধারী পরিচালক, যাদের কাছে কোম্পানিটির ন্যূনতম ২ শতাংশ শেয়ার রয়েছে, তাদের মাধ্যমে পর্ষদ গঠন করতে হবে। নতুন পরিচালকদের সবসময় কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ ধারণ করতে হবে। চুক্তি অনুসারে, লেনদেনের পর পুরো ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার দুই বছরের জন্য লক ইন থাকবে। চুক্তি অনুসারে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ১০ শতাংশ ও এর সাবসিডিয়ারি এবং অন্যরা মিলে আরো ৩৩ দশমিক ১২ শতাংশ শেয়ার কেনার কথা ছিল। সব মিলিয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা ও পরিচালক তাদের কাছে থাকা কোম্পানিটির ৪৩ দশমিক ১২ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন।