লকডাউনের কারণে চীনের উপকূলীয় শহরে আটকা পড়েছেন দুই হাজারেরও বেশি পর্যটক। বেইহাইয়ের কর্মকর্তারা শহরে লকডাউন জারি করেছে এবং এ সপ্তাহের মধ্যে সেখানকার ১৯ লাখ বাসিন্দার সবার গণপরীক্ষার আদেশ দিয়েছে। খবর বিবিসি।

কভিড-১৯ মহামারীর শুরু থেকেই জিরো কভিড নীতি অব্যাহত রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এর আওতায় প্রাদুর্ভাব দেখা দিলেই বিভিন্ন শহরে লকডাউন আরোপ করা হচ্ছে।

গত সপ্তাহে কর্মকর্তারা জানিয়েছেন, কভিড-১৯-এর কারণে দেয়া নিষেধাজ্ঞায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ভোক্তারা ক্ষতির মুখে পড়েছে। ফলে দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনীতি আগের প্রান্তিকের তুলনায় কিছুটা সংকুচিত হয়েছে।

পর্যটকদের জন্য চীনের দক্ষিণের গুয়াংশি প্রদেশের বেইহাই সেরা গ্রীষ্মকালীন গন্তব্য। গত ১৬ জুলাই পর্যন্ত মাত্র পাঁচদিনে সেখানে ৪৫০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। চীনের ৪১টি শহরে এখন আংশিক বা পূর্ণ লকডাউন ও অন্যান্য নিষেধাজ্ঞা চলছে।