বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক হিসেবে ড. মো. এজাজুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি তিনি এ পদে যোগ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইবিএম।
নতুন দায়িত্বগ্রহণের আগে ড. এজাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে মুদ্রানীতি বিভাগে কর্মরত ছিলেন। এ সময় তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি ও মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
অর্থ, ঋণ, বিনিময় হার, ব্যাংকিং, সুদহার এবং বৃহত্তর আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে দেশী-বিদেশী রেফার্ড জার্নালে ড. এজাজুল ইসলাম প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৩৫টির বেশি। তিনি মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল ‘এমপ্লয়ি রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন।









