স্পেনের উৎপাদন খাতে বিনিয়োগ পরিকল্পনা কিছুটা পিছিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। প্রতিষ্ঠানটি বলছে, ইউরোপের জন্য পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এজন্য স্পেনের ভ্যালেন্সিয়ার কারখানায় এখনই উৎপাদন শুরু করা হচ্ছে না। খবর এপি।
গত জুনে স্পেনের কারখানাটিতে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন শুরুর ঘোষণা দেয়া হয়। তবে এখন পর্যন্ত সে সংক্রান্ত কোনো কাজ শুরু হয়নি। ফোর্ড বলছে, ভ্যালেন্সিয়ায় বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনের পরিকল্পনা থেকে সরে আসা হয়নি। এটি কেবল কিছুটা সময় পেছানো হয়েছে।
ইউরোপের জন্য পরিকল্পনায় কী বদল আনা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু না জানালেও চলতি সপ্তাহে তিন হাজার কর্মী ছাঁটাই করেছে ফোর্ড। এদের বেশির ভাগই উত্তর আমেরিকা ও ভারতে কাজ করতেন। তবে ভ্যালেন্সিয়ায় কোনো কর্মী ছাঁটাই করা হয়নি।
অন্যদিকে স্পেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফোর্ডকে তার বর্তমান ও ভবিষ্যৎ বিনিয়োগের বিষয়ে সব ধরনের সহায়তা দিয়ে যাবে দেশটির সরকার।









