পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আরো কঠোর হচ্ছে রাশিয়া। দেশটি আগেই ইউরোপে প্রাকৃতিক গ্যাস রফতানি সীমিত করেছে। এবার চলতি মাসে তেলের উত্তোলন কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে। সিটিগ্রুপের গবেষকরা এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন, এরপর হয়তো রাশিয়া রফতানিযোগ্য অ্যালুমিনিয়াম ও প্যালাডিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধাতুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। খবর সিএনএন। 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এ পদক্ষেপে পণ্যগুলোর দাম বাড়তে পারে। এ বিষয়ে সিটির বিশ্লেষকরা বলছেন, ‘রফতানির ওপর যেকোনো ধরনের বিধিনিষেধ স্বল্পমেয়াদে বাজারে বড় প্রভাব ফেলতে পারে।’ এ ধরনের নিষেধাজ্ঞা উৎপাদকদের কার্যক্রম বাধাগ্রস্ত করবে। এরই মধ্যে তারা উচ্চমূল্যস্ফীতির কবলে রয়েছে। 

সিটির তথ্যমতে, বিশ্বে ১৫ শতাংশ অ্যালুমিনিয়ামের জোগান দেয় রাশিয়া। ধাতুটি বিমানে এমনকি গৃহস্থালিতে বিভিন্ন উপকরণে ব্যবহার করা হয়। এরই মধ্যে রাশিয়া থেকে ধাতুটি আমদানির ওপর ২০০ শতাংশ শুল্ক ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া বিশ্বব্যাপী এক-চতুর্থাংশ প্যালাডিয়াম সরবরাহ করে। এ ধাতু গাড়ি থেকে কার্বন নির্গমনকরণ ডিভাইসে ব্যবহার করা হয়। বিশ্লেষকরা বলছেন, এক বছর আগে ইউক্রেনে অভিযানের জেরে পশ্চিমাদের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে রাশিয়া এখন তার বিশাল প্রাকৃতিক সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।

যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর অবরোধ করার অভিযোগ ওঠে। ফলে ইউক্রেনের কৃষি, শস্য রফতানি তথা বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হয়।