ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ইউনিটের। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৩০ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির মোট ১৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ ডিসেম্বর ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ছিল ৯ টাকা। সর্বশেষ বৃহস্পতিবার এ দর বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সায়।
চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়। বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৬ পয়সায়।
ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৩ পয়সা। হিসাব বছর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সায়। বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৩ পয়সায়।
গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। এর আগে ওই বছরের ২৮ জুন অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৯তম কমিশন সভায় মেয়াদি এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়। এ ফান্ডটির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা।









