আগামী বছর থেকে বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) আর্থিক প্রণোদনা কমিয়ে আনবে জার্মানি। ইভির ক্রমবর্ধমান জনপ্রিয়তা সরকারি ভর্তুকিকে অপ্রয়োজনীয় করে তুলেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইভি ক্রেতাদের ভর্তুকি আগামী দুই বছরের বাজেট থেকে বরাদ্দকৃত ৩৪০ কোটি ইউরো (৩৪৪ কোটি ডলার) খরচ হয়ে গেলে সম্পূর্ণভাবে মেয়াদ শেষ হয়ে যাবে।
অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক এক বিবৃতিতে বলেন, বিদ্যুচ্চালিত যানবাহনগুলো আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে। অদূর ভবিষ্যতে এ খাতে সরকারি ভর্তুকির প্রয়োজন হবে না।
পরিকল্পনার অধীনে ৪০ হাজার ইউরোর কম মূল্যের ইভিতে ভর্তুকি আগামী বছরের শুরু থেকে ৪ হাজার ৫০০ ইউরোয় নেমে আসবে। বর্তমানে এ ভর্তুকির পরিমাণ ৬ হাজার ইউরো। পাশাপাশি ২০২৪ সালে ভর্তুকি ৩ হাজার ইউরোতে নামবে।
এদিকে ৪০ হাজার ইউরোর বেশি মূল্যের বিদ্যুচ্চালিত গাড়িতে সরকারি ভর্তুকি আগামী বছর ৩ হাজার ইউরো হবে। যেখানে বর্তমানে এ ভর্তুকির পরিমাণ ৫ হাজার ইউরো।
এছাড়া ৬৫ হাজার ইউরোর বেশি মূল্যের গাড়িতে কোনো ভর্তুকি নেই। ২০২৪ সালে ৪৫ হাজার ইউরো এবং তার বেশি মূল্যের গাড়িতে ভর্তুকি দেয়া হবে না।









