সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ ১০ ব্যাংকের মুনাফায় উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকগুলোর মুনাফা আগের প্রান্তিকের চেয়ে ২৪ শতাংশ বেড়েছে। নিট সুদের আয় বেড়ে যাওয়ায় মুনাফায় এমন উল্লম্ফন দেখা দিয়েছে বলে জানিয়েছে পেশাদার পরামর্শক প্রতিষ্ঠান আলভারেজ অ্যান্ড মার্সাল।

ন্যাশনাল নিউজের খবর অনুসারে, ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে ইউএইর শীর্ষ ১০ ব্যাংকের মুনাফা ১ হাজার ২৬০ কোটি দিরহামে (৩৪৩ কোটি ডলার) পৌঁছেছে। এ সময়ে ব্যাংকগুলোর মোট সুদের মুনাফা ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সুদের মুনাফা হিসাবের ক্ষেত্রে ব্যাংকগুলো ঋণদান কার্যক্রমের আয় থেকে আমানতকারীদের সুদ বাদ দেয়।

ইউএই ব্যাংকিং পালস শীর্ষক প্রতিবেদনে আলভারেজ অ্যান্ড মার্সাল জানিয়েছে, কভিডের বিপর্যয় কাটিয়ে আরব বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে সহায়তা করেছে।

আলভারেজ অ্যান্ড মার্সালের ব্যবস্থাপনা পরিচালক আসাদ আহমেদ বলেন, সুদের হার বৃদ্ধি, ঋণের গুণগত মান উন্নত করা ও শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে ইউএইসহ আঞ্চলিক ব্যাংকিং খাতের মুনাফা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও মূল্যস্ফীতির বর্তমান প্রবণতা বিশ্বব্যাপী একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এ অঞ্চলে জ্বালানি তেলের উচ্চ দাম, ভোক্তাদের দৃঢ় আস্থা ও শক্তিশালী অর্থনৈতিক কার্যক্রমের পটভূমিতে আমরা এ পূর্বাভাস দিচ্ছি।

২০২১ সালেই আরব আমিরাতের অর্থনীতি কভিডজনিত মন্দা কাটিয়ে অর্থনীতি দৃঢ়ভাবে পুনরুদ্ধার হয়েছিল। চলতি বছরও সেই শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। দেশটির অর্থনৈতিক উৎপাদন চলতি বছরের প্রথম তিন মাসে ৮ দশমিক ২ শতাংশ প্রসারিত হয়েছে। এ হার ২০১১ সালের পর সর্বোচ্চ। জ্বালানি তেল খাত অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধিতে অন্যতম ভূমিকা রেখেছে। পাশাপাশি এ সময়ে জ্বালানি তেলবহির্ভূত খাতও লক্ষণীয় উন্নতি করেছে। ইউএইর অর্থনীতি গত বছর ৩ দশমিক ৮ শতাংশ প্রসারিত হয়েছিল। ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে ৫ দশমিক ৪ শতাংশ ও ৪ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।