চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফায় ফিরেছে ডেল্টা এয়ারলাইনস। উচ্চ খরচ সত্ত্বেও ভ্রমণকারীরা ব্যয় করতে আগ্রহী রয়েছেন। এ অবস্থায় বছরের তৃতীয় প্রান্তিকেও মুনাফার আশা করছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর সিএনবিসি।
এপ্রিল-জুন সময়ে ডেল্টার শেয়ারপ্রতি মুনাফা ১ ডলার ৪৪ সেন্টে উন্নীত হয়েছে। বিশ্লেষকরা ১ ডলার ৭৩ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। ভ্রমণের চাহিদা বৃদ্ধি এয়ারলাইনসটিকে এ সময়ে ৭৩ কোটি ৫০ লাখ ডলার মুনাফা পেতে সহায়তা করেছে। এ সময়ে ১ হাজার ৩৮২ কোটি ডলার আয় করেছে সংস্থাটি। যেখানে ১ হাজার ৩৫৭ কোটি ডলার আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল। আয়ের পরিমাণ মহামারীর আগে ২০১৯ সালের তুলনায় ১০ শতাংশ বেশি। অভ্যন্তরীণ ভ্রমণ বিভাগে সংস্থাটির আয় বেড়েছে ৩ শতাংশ।
সাম্প্রতিক সময়ে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট বিলম্ব ব্যাপকহারে বেড়ে গিয়েছে। এ পরিস্থিতিতে সংস্থাটি নির্ভরযোগ্যতা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ফ্লাইট বাতিলের ঘটনা গ্রীষ্মকালীন সময়সূচি পিছিয়ে দেয়ার জন্য প্ররোচিত করছে।
ডেল্টা জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে এয়ারলাইনসের সক্ষমতা ২০১৯ সালের স্তরের ৮৩-৮৫ শতাংশে উন্নীত হবে। কিছু প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তুলনায় রক্ষণশীল সময়সূচি অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। ভ্রমণ বাড়ায় ২০২২ সালে মুনাফার পূর্বাভাস পুনর্ব্যক্ত করেছে ডেল্টা। খরচ বাড়লেও তৃতীয় প্রান্তিকে টিকিট বিক্রি তিন বছর আগের তুলনায় ১-৫ শতাংশ বেশি হবে বলে আশা করছে সংস্থাটি।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাড বাস্তিয়ান বলেন, পুরো এভিয়েশন শিল্পের জন্য একটি চ্যালেঞ্জিং পরিবেশ বিরাজ করছে। এমন সময়েও মুনাফায় ফেরায় আমাদের পুরো দলকে অসামান্য কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের সেরা-শ্রেণীর নির্ভরযোগ্যতা পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি।
দ্বিতীয় প্রান্তিকে আয়ের প্রতিবেদন প্রকাশ করা যুক্তরাষ্ট্রের প্রথম এয়ারলাইনস ডেল্টা। আগামী সপ্তাহে ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনস আয়ের প্রতিবেদন প্রকাশ করবে। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও ডেল্টার ব্যবসা ও অবসর ভ্রমণ উভয়েরই চাহিদা বেড়েছে। অভ্যন্তরীণ করপোরেট ভ্রমণ মহামারীর আগের স্তরের তুলনায় ৮০ শতাংশ পুনরুদ্ধার হয়েছে। এটি চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৫ শতাংশ পয়েন্ট বেশি।









