চলতি বছর জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে। এ বছর আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের গড় স্পট মূল্য কমে ব্যারেলপ্রতি ৬১ ডলারে নামতে পারে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি এ পূর্বাভাস করেছে, আগের মাসের পূর্বাভাসে যা ছিল ৬৫ ডলার। খবর সিনহুয়া।

ইআইএর ফেব্রুয়ারির শর্ট টার্ম এনার্জি লুকে জানানো হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুুন) আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়াতে পারে ৫৮ ডলার। আরে শেষার্ধে জ্বালানিপণ্যটির দাম কিছুটা বেড়ে ৬৪ ডলারে উন্নীত হতে পারে। ফলে বছর শেষে পণ্যটির গড় মুল্য দাঁড়াতে পারে ব্যারেলপ্রতি ৬১ ডলার।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়িয়েছিল ৬৪ ডলার, আগের মাসের তুলনায় যা ৪ ডলার কম। এদিকে চলতি মাসে তা আরো কমে গেছে। ৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে আগামী এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম আগের সপ্তাহের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে। একই সময়ে মার্চে সরবরাহ চুক্তিতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ। তবে আগামী বছর ব্রেন্ট ক্রুডের গড় দাম বেড়ে ব্যারেলপ্রতি ৬৮ ডলার ছুঁতে পারে বলে পূর্বাভাস করেছে ইআইএ।