চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় ঊর্ধ্বমুখী হয়ে উঠছে তামার আন্তর্জাতিক বাজার। গতকাল আরো এক দফা ধাতুটির দাম বেড়েছে। ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে কারখানার কার্যক্রম প্রত্যাশার চেয়ে ভালো হয়ে পড়ায় বাজারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৩২ ডলার ৫০ সেন্টে। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহের জন্য চুক্তি হওয়া প্রতি টনের মূল্য ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮৭০ ইউয়ান বা ১০ হাজার ১০৬ ডলার ৭৫ সেন্টে।

ফেব্রুয়ারিতে চীনে কারখানার কার্যক্রম এক দশকের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। গত বছরের শেষ দিকে কভিড-১৯-সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় উৎপাদন প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। চলতি বছর দেশটির অর্থনীতিতে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্টরা জানান, তামার দাম আরো বাড়ত, কিন্তু ডলারের বিনিময় মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় মূল্যবৃদ্ধির হার সীমিত হয়েছে।