ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কমিশন সভার সিদ্ধান্ত অনুসারে, লংকাবাংলা ফাইন্যান্সের অনুমোদিত বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে এটি রূপান্তর অযোগ্য ও পুরোপুরি অবসায়নযোগ্য জিরো কুপন বন্ড। এর ডিসকাউন্ট রেট ৯-১০ শতাংশ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে লংকাবাংলা ফাইন্যান্স ব্যক্তি, করপোরেট ও এসএমই খাতে ঋণ দেবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড ও অ্যারেঞ্জার হিসেবে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৯ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ২ পয়সায়।