ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম ইন্তেখাব আলমকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) পরিচালিত বিশেষ পরিদর্শন অনিয়মের তথ্য উঠে আসায় এমডিকে বরখাস্তসহ একাধিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ পরিচালক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) পরিচালিত বিশেষ পরিদর্শন প্রতিবেদনে ফিনিক্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অনিয়মের তথ্য উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক একাধিক নির্দেশনা ও দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঋণ অনিয়মসহ প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে ইন্তেখাব আলমের সম্পৃক্ততা পরিলক্ষিত হওয়ায় তাকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে যুক্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন একজন প্রধান নির্বাহী নিয়োগ দিতেও বলা হয়েছে।  গ্রাহক প্রতিষ্ঠান এসএ অয়েল রিফাইনারি লিমিটেড, আমান সিমেন্ট মিল ইউনিট-২, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মাহিন এন্টারপ্রাইজ, ম্যাক্স স্টিল ইন্ডাস্ট্রিজ ও গ্রাহক নাজমা পারভিন, ফারহান মোশাররফের ঋণ অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।