জার্মানির উড়োজাহাজ সংস্থা লুফথানসার পাইলটদের ধর্মঘটের ডাকে প্রায় ৮০০ ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়বে এক লাখ ৩০ হাজারের মতো যাত্রী। খবর আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে শুরু হওয়া এ ধর্মঘট ২৪ ঘণ্টা চলবে বলে জানিয়েছে পাইলটদের সংগঠন ফেরআইনিগুং ককপিট (ভিসি)।

ইউরোপের বৃহত্তম বিমান সংস্থাটির পাইলটরা যাত্রীদের বিমানবন্দর এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। অনলাইনে ফ্লাইট পরিস্থিতি জেনে কল সেন্টারের মাধ্যমে সমস্যা সমাধান করতেও বলেছে।

ধর্মঘটের কারণে আজ শুক্রবার ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে লুফথানসার প্রায় সব ফ্লাইট বাতিল হয়েছে।

গত বুধবার পাইলটদের সংগঠন ভিসি উড়োজাহজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে ব্যর্থ হওয়ায় ধর্মঘটের ডাক দেয় তারা।

লুফথানসার সাড়ে ৫ হাজারের বেশি পাইলট মূল্যস্ফীতির কারণে সংস্থার কাছে ক্ষতিপূরণ চাইছে, সঙ্গে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতামূলক পারিশ্রমিক কাঠামো দাবি করছে তারা। কিন্তু আলোচনার মধ্যস্থতাকারী মার্সেল গ্রোয়েলস বলছেন, দুই পক্ষের অবস্থান বেশ দূরে। এর মধ্যে উড়োজাহাজ সংস্থা কিছু প্রস্তাব দিলেও পাইলটদের মনে ধরেননি তা।