চলতি বছরের প্রথমার্ধে আবুধাবির আবাসন খাতে ৭ হাজার ৪৭৪টি লেনদেন সম্পন্ন হয়েছে। এ লেনদেনের অর্থমূল্য ২ হাজার ২৫১ কোটি দিরহাম (৬১০ কোটি ডলার)। কভিডজনিত মন্দা থেকে পুনরুদ্ধার অব্যাহত থাকায় সংযুক্ত আরব আমিরাতের (্ইউএই) রাজধানীতে রিয়েল এস্টেট খাতের লেনদেন ঊর্ধ্বমুখী হয়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

আবুধাবির পৌরসভা ও পরিবহন বিভাগ জানিয়েছে, জানুয়ারি-জুন সময়ে শহরটিতে ৩ হাজার ৫৬৮টি সম্পত্তি ক্রয়-বিক্রয় লেনদেন হয়েছে। এর মূল্য ৮৯০ কোটি দিরহাম। পাশাপাশি এ সময়ে ১ হাজার ৩৬০ কোটি দিরহাম মূল্যের ৩ হাজার ৯০৬টি বন্ধকি লেনদেন সম্পন্ন হয়েছে।

বিভাগটির রিয়েল এস্টেট খাতের নির্বাহী পরিচালক আদিব আল আফিফি বলেন, রিয়েল এস্টেট খাতে টেকসই বৃদ্ধির মাধ্যমে আবুধাবি একটি বিশ্বমানের বাজার ও বিনিয়োগ গন্তব্য হিসেবে তার অবস্থান বজায় রেখেছে।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবাসন বাজার দ্রুত বৃদ্ধি পেয়েছিল। সে সময় কভিডজনিত মন্দা কাটিয়ে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছিল খাতটি। দেশের অর্থনীতি একটি শক্তিশালী গতিপথে রয়ে যাওয়ায় বছরের দ্বিতীয়ার্ধেও এ প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

ইউএই সেন্ট্রাল ব্যাংকের তথ্য অনুসারে, জ্বালানি তেলের উচ্চমূল্য এবং কভিড-১৯ মহামারীর প্রভাব প্রশমিত করার পদক্ষেপের কারণে চলতি বছরের প্রথম তিন মাসে দেশের অর্থনীতি ৮ দশমিক ২ শতাংশ প্রসারিত হয়েছে। এ অবস্থায় চলতি বছর অর্থনীতিতে ২০১১ সালের পর সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি হতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ পর্যালোচনায় বলেছে, প্রথম প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধি জ্বালানি তেল উৎপাদন বৃদ্ধির কারণে চালিত হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেলবহির্ভূত অর্থনীতিও লক্ষণীয় উন্নতি করেছে।

ব্যাংকিং নিয়ন্ত্রকের সর্বশেষ অনুমান অনুসারে, আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ২০২১ সালে ৩ দশমিক ৮ শতাংশ প্রসারিত হয়েছে। ২০২২ ও ২০২৩ সালে দেশটির অর্থনীতি যথাক্রমে ৫ দশমিক ৪ শতাংশ এবং ৪ দশমিক ২ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত ও কর্মীদের বসবাসের অনুমতি এবং ১০ বছরের গোল্ডেন ভিসা প্রোগ্রামের সম্প্রসাণের মতো অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা এবং সরকারি উদ্যোগ রিয়েল এস্টেট খাতের উন্নতিতে ভূমিকা রেখেছে।

২০২২ সালের প্রথম ছয় মাসে আবুধাবির ইয়াস আইল্যান্ডে সর্বোচ্চ আবাসন লেনদেনের রেকর্ড হয়েছে। মূল্যের হিসাবে এটি ১৮০ কোটি দিরহাম। এর পরই সাদিয়াত দ্বীপে ১২০ কোটি দিরহাম মূল্যের লেনদেন হয়েছে। ১০০ কোটি দিরহাম মূল্যের আবাসন লেনদেন হওয়া আল শামখা তৃতীয় অবস্থানে রয়েছে।

আদিব আল আফিফি বলেন, আমরা চলতি বছরের দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ দেখতে পাব। বিশেষ করে বেশ কয়েকটি নতুন প্রকল্প প্রবর্তনের সঙ্গে আবুধাবির রিয়েল এস্টেট বাজার আরো সম্প্রসারিত হবে।

চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে অন্য বড় সম্পত্তি প্রকল্পের একটি হোস্ট ঘোষণা করা হয়েছে। আলদান প্রপার্টিজ গত মাসে আবুধাবির সাদিয়াত দ্বীপের গ্রোভ জেলায় অ্যাপার্টমেন্ট চালু করেছে। এছাড়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রিম দ্বীপের রিম হিলস, আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি ব্লুম লিভিং এবং আবুধাবির উপকূলে ইমকানের রিভেরার দ্বিতীয় ধাপ।