জার্মানিভিত্তিক ডয়চে ব্যাংকের কাছ থেকে ৬ কোটি ডলার ঋণ পেয়েছে বি গ্রুপ। গ্র্যাব ও গোজেকের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেক্কা দিতে এ ঋণ নিচ্ছে ভিয়েতনামভিত্তিক রাইডশেয়ারিং কোম্পানিটি। পাশাপাশি কভিড-১৯ চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে রাইড হেলারে ক্রেতা আকর্ষণ করারও লক্ষ্য রয়েছে।
ফ্রি মালয়েশিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বি গ্রুপ জানায়, এ ঋণ দিয়ে তারা মোটরবাইক ও কার হেইলিং, ফুড ডেলিভারি এবং ডিজিটাল ব্যাংকিং—এ তিন ব্যবসা খাত সম্প্রসারণ করবে। পাশাপাশি আরো ৪ কোটি ডলার ঋণ নেয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
টেলিযোগাযোগ ও বীমার মতো পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বি গ্রুপের। উল্লেখ্য, গ্র্যাব মালয়েশিয়ার এবং গোজেক হলো ইন্দোনেশিয়াভিত্তিক রাইড হেইলিং প্রতিষ্ঠান।
প্রতিবেদনে আরো বলা হয়, অ্যাপ নির্মাতা জানায়, তারা চলতি প্রান্তিকে লাভের আশা করছে। যদিও সামগ্রিকভাবে স্টার্টআপগুলো এখনো রাইড হেলিং বাজারে টেকসই ব্যবসায়িক মডেলে পরিণত হতে পারেনি। পাশাপাশি সুপার অ্যাপের জন্য চীনের বাইরে তাদের চাহিদা রয়েছে সেটাও প্রমাণ করতে পারেনি প্রতিষ্ঠানগুলো।









