১৬টি বোয়িং ৭৮৭ ওয়াইডবডি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের চায়না এয়ারলাইনস। বহরের এয়ারবাস এ৩৩০ উড়োজাহাজগুলোর প্রতিস্থাপন করতে বোয়িংয়ের এ জেট কেনার কথা জানিয়েছে উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।
রাষ্ট্রীয় এয়ারলাইনসটি জানিয়েছে, ৪৬০ কোটি ডলারে ১৬টি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে চায়না এয়ারলাইনস। বহর আবার নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
বেশ কয়েক মাস ধরেই বোয়িং ৭৩৭ ম্যাক্সের সরবরাহ আবারো শুরু করতে অনুমোদনের অপেক্ষা করছে বোয়িং। নিরাপত্তা সংকটকে কেন্দ্র করে উড়োজাহাজটির সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
এ বিষয়ে স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, বোয়িংয়ের বিষয়ে বরাবরই কড়াকড়ি আরোপের দীর্ঘ ইতিহাস রয়েছে বেইজিংয়ের। পাশাপাশি এয়ারবাসকে পুরস্কৃত করার ঘটনাও নতুন নয়।
এদিকে বিশ্লেষকরা জানান, এয়ারবাস ও বোয়িংয়ের থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে ভারসাম্য আনতে চায় চায়না এয়ারলাইনস। তবে গত পাঁচ বছরে উড়োজাহাজ সংস্থাটির ব্যবসায় মন্দা যাচ্ছে। কভিড-১৯ মহামারীর জের ধরে স্থবির হয়ে পড়ে উড়োজাহাজ পরিবহন শিল্প খাত। এ ধারাবাহিকতায় যাত্রী চাহিদায় ভাটা পড়ে। এর শিকার হয় চায়না এয়ারলাইনসও।
চলতি বছরের জুলাইয়ে এয়ারবাসের সঙ্গে ২৯২টি ছোট ন্যারোবডি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছিল চায়না এয়ারলাইনস। অন্যদিকে বাণিজ্য অস্থিরতা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না চীন ও বোয়িংয়ের মধ্যে। অস্থিরতা কমলে আবারো ক্রয়াদেশ পাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ কালহোন বলেন, গত মাসে চীনে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের সরবরাহ স্থগিত হয়ে পড়ে। মহামারীর সঙ্গে ভূরাজনৈতিক অস্থিরতা এতে নতুন ইন্ধন যোগ করে। মূলত মার্কিন সরকারের সঙ্গে চীনা সরকারের দ্বন্দ্ব থেকেই এ অস্থিরতার সূত্রপাত। এর পরিণাম ভোগ করছে উড়োজাহাজ নির্মাতারা।
তবে সর্বশেষ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার ঘোষণার মাধ্যমে ধারণা করা হচ্ছে এ সংকট থেকে কিছুটা উত্তরণ ঘটেছে। চায়না এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৮৭ উড়োজাহাজ যুক্ত করার মাধ্যমে ২২টি পুরনো এ৩৩০ উড়োজাহাজ বহর থেকে বাতিল করা হবে। বিশ্বের অন্যতম বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানায়, বোয়িং ৭৮৭-এর ধারণক্ষমতা তুলনামূলক বেশি থাকায় এয়ারবাসের পরিবর্তে বোয়িংকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। মহামারীর সময় যাত্রী পরিবহনে ভাটা পড়ায় কার্গো পরিষেবার দিকে মনোযোগ বাড়িয়েছে চায়না এয়ারলাইনস। তাই এক্ষেত্রে ধারণক্ষমতাকে প্রাধান্য দেয়া হচ্ছে।









