যুক্তরাজ্যজুড়ে বাড়ছে তাপপ্রবাহ। তাই কর্মক্ষেত্রে উচ্চতাপমাত্রার বিরুদ্ধে আইনি সুরক্ষা নেয়ার জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়েছে ট্রেড ইউনিয়ন। যে হারে তাপপ্রবাহ বাড়ছে তাতে দু-একদিনের মধ্যে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। খবর গার্ডিয়ান।

যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন জিএমবি ইউনিয়ন বলেছে, সরকারের উচিত কর্মক্ষেত্রের জন্য সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা। অর্থাৎ চাকরিদাতাদের উচিত কর্মীর জন্য কাজের ও ভ্রমণের আরো নমনীয় পরিবেশ তৈরি করা, কর্মীদের আরো বেশি বিরতি দেয়া ও আরামদায়ক পোশাক পরার সুবিধা দেয়া, যেন কর্মীরা কিছুটা ঠাণ্ডা পোশাক পরে কাজ করতে পারেন।

ইউনিয়নের স্বাস্থ্য ও সুরক্ষা কর্মকর্তা লিনসে মান বলেন, সান লাউঞ্জারে বসে থাকার জন্য এ গরম আবহাওয়া খুবই ভালো। কিন্তু যদি এর মধ্যে আপনি কাজ করার চেষ্টা করেন তাহলে সেটা মজা করার মতো বিষয় নয়।

বসদের উচিত যা কিছু করা সম্ভব সবই করা, যেন কর্মক্ষেত্র ঠাণ্ডা এবং আরো পরিষ্কারভাবে বললে নিরাপদ রাখা যায়। যদিও সেটা অনেকটা সাধারণভাবেই করা যায়, যেমন কর্মীদের ক্যাজুয়াল পোশাক পরিধান করার সুযোগ দেয়া এবং পানি পানের সুযোগ সরবরাহ করা।

তারা আরো বলছে, সূর্যের অতিবেগুনি রশ্মিতে বেশি সময় থাকলে বাইরে কর্মরতদের ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই তাদের বেশি বেশি বিরতি নেয়ার সুযোগ দিলে, কাজে নামার আগে সান ক্রিম সরবরাহ করলে এবং নিরাপদ পোশাক যেমন ঘাড় ঢেকে রাখার মতো হ্যাট ব্যবহার করলে এ ঝুঁকি কমানো যেতে পারে।

যুক্তরাজ্যে যেমন আইনগতভাবে সর্বনিম্ন কাজের তাপমাত্রা রয়েছে তেমনই সর্বোচ্চ কাজের তাপমাত্রা নির্ধারণ করা জরুরি বলে মনে করছে ইউনিয়ন। আর সেটা চাকরিদাতাদের স্বার্থেই।