দক্ষিণ এশিয়ার হিসাববিদদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ শীর্ষক এ সম্মেলনটি ১৭ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে। সাফা হচ্ছে দক্ষিণ এশিয়াভিত্তিক হিসাববিদদের আঞ্চলিক সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অন অ্যাকাউন্ট্যান্টসের সংক্ষিপ্ত রূপ।

সম্মেলনের বিষয়ে জানাতে গতকাল রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিএবি। এ সময় জানানো হয়, ‘‌পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠেয় সাফা সম্মেলনে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিক পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও চিন্তক অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন আইসিএবির সভাপতি এন কে এ মবিন। এ সময় আরো কথা বলেন আয়োজক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফরহাদ হোসেন, আইসিএবির সহসভাপতি মো. রোকনুজ্জামান, কাউন্সিল সদস্য জেরীন মাহমুদ হোসেন ও মুহাম্মদ এমরান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু এবং প্রধান পরিচালন কর্মকর্তা মাহবুব আহমেদ সিদ্দিকী।

সাফা সম্মেলনের উদ্বোধন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

ঢাকায় অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রথমবারের মতো অংশ নেবেন আইএফএসি সভাপতি জ্যঁ বুকো। এতে মোট তিনটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসাইন ভূঁইয়া। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বণিক বার্তা।