সম্প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও যুক্তরাজ্য কয়েকটি বিষয়ে চুক্তিতে পৌঁছেছে। সংবাদ সংস্থা এপির বরাতে জানা যায়, কার্বন নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়।

লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী পেরি মরডোন্টের সঙ্গে সাক্ষাৎ করেন নর্থ ক্যারেলাইনার বাণিজ্য বিভাগের সচিব ম্যাশেল স্যানডারস। সাক্ষাত্কালে দুই পক্ষের মধ্যে একটি স্মারকলিপি স্বাক্ষরিত হয়।

এ বিষয়ে এক সংবাদ বিবৃতিতে নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমরা অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করব। এতে বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

২০৫০ সালের মধ্যে নিট জিরো অর্জনের লক্ষ্য স্থির করেছে যুক্তরাজ্য ও নর্থ ক্যারোলাইনা। চুক্তি অনুযায়ী, লক্ষ্য অর্জনে পারস্পরিক সহায়তা করবে দুই পক্ষ। পাশাপাশি অর্থনৈতিক সুযোগ বাড়ানো হবে। বিশেষ করে এক্ষেত্রে নারী ও সংখ্যালঘুদের ব্যবসায় বিনিয়োগ করা হবে।  এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অংশীদারত্ব বাড়ানোর প্রয়াস দুই দেশের সরকারের।