ফিউচারস এক্সচেঞ্জের মাধ্যমে অপরিশোধিত পাম অয়েল রফতানির পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। দেশটির নিজস্ব বাজার আদর্শ দাম তৈরির লক্ষ্যেই এ পথে হাঁটছে। দেশটির ফিউচারস পণ্যের ফিউচারস মার্কেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান গতকাল এ তথ্য জানিয়েছেন। 

আগামী জুনের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে চায় ইন্দোনেশিয়া। আর সে লক্ষ্যে একটি বাণিজ্য পরিকল্পনাও সাজানো হয়েছে বলে জানিয়েছেন ফিউচারস মার্কেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান ডিডিড নুরদিয়াতমোকো। তিনি বলেন, ফিউচারস এক্সচেঞ্জের মাধ্যমে কীভাবে অপরিশোধিত পাম অয়েল রফতানি হবে, সেটি নির্ধারণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 

ইন্দোনেশিয়ার বেশির ভাগ রফতানিকারক এখন সরাসরি ক্রেতাদের সঙ্গে পাম অয়েল রফতানির চুক্তি করছে। কোনো ধরনের এক্সচেঞ্জ ছাড়াই পণ্যটি রফতানি হচ্ছে। রাষ্ট্রায়ত্ব কোম্পানি কেপিবি নুসানতারা একটি নিলামের আয়োজন করে। সেখানেও ভবিষ্যৎ সরবরাহ চুক্তির পরিবর্তে প্রত্যক্ষ বেচাকেনা হয়। 

সংশ্লিষ্টরা বলছেন, অপরিশোধিত পাম অয়েল এক্সচেঞ্জের মাধ্যমে রফতানি হলেও পরিশোধিত পাম অয়েল রফতানিতে সরাসরি বাণিজ্য নীতিই অনুসরণ করবে। নিয়ন্ত্রক সংস্থাটি মনে করছে, রফতানিকারকরা কয়েক মাসের মধ্যে এক্সচেঞ্জের মাধ্যমে রফতানি শুরু করলে বাজার আদর্শ দাম নির্ধারণ করা সম্ভব হবে।