ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় এবার রাশিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। শুক্রবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটির সরকার। এ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে দেয়া, যাতে দেশটি ইউক্রেনে যুদ্ধের ব্যয় সামাল দিতে না পারে। খবর রয়টার্স।
কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে বলেন, ইউক্রেন অবশ্যই এ যুদ্ধে জিতবে। ইউক্রেনে চালানো অবৈধ ও বর্বর সামরিক অভিযানের পেছনে পুতিন যে অর্থ ঢালছে, তার জোগান বন্ধ করে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, এ নিষেধাজ্ঞা অ্যালুমিনিয়াম শিট, অ্যালুমিনিয়াম কনটেইনার, ইস্পাতের টিউব ও পাইপসহ সব ধরনের অপরিশোধিত ও পরিশোধিত ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর কার্যকর হবে।
পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে একজোট হয়ে রাশিয়ার বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কানাডার সরকার ১ হাজার ৬০০-এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি ইউক্রেনকে ৩৬০ কোটি ডলারের অর্থনৈতিক, সামরিক ও অন্যান্য সহায়তা দিয়েছে।
ফ্রিল্যান্ড বলেন, ‘কানাডায় অ্যালুমিনিয়াম ও ইস্পাত বিক্রির অর্থ পুতিন যাতে তার যুদ্ধের ব্যয় হিসেবে ব্যবহার করতে না পারে, আমরা তা নিশ্চিত করছি।’
এর আগে গত মাসে রাশিয়ার অ্যালুমিনিয়াম খাতের ওপর চড়াও হয় যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে ধাতুটির আমদানির ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে কানাডা রাশিয়ার কাছ থেকে ৪ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলারের অ্যালুমিনিয়াম ও ২১ কোটি ৩০ হাজার কানাডিয়ান ডলারের ইস্পাত আমদানি করেছিল।









